দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় তুলে নেয় টাইগাররা। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দল অলআউট হয়ে যায় ১৬৩ রানে।
এর মাধ্যমে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় অর্জন করলো বাংলাদেশ। এর আগে পাকিস্তানের মাটিতেও টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ দল।
ঐতিহাসিক এ জয়ে খেলোয়াড়দের প্রশংসা করে প্রধানমন্ত্রী দেশের ক্রিকেটের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

