গর্ভকালীন সময়ে মা ও নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে হয়রানি ও বিব্রতকর পরিস্থিতি এড়াতে দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘ন্যাশনাল হেলথ প্রোটেকশন অথরিটি ইন বাংলাদেশ: ডিজাইন অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাসপেক্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্মশালাটির আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তবে সব উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন হওয়ায় অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সাধারণ মানুষের আর্থিক দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা এবং স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি স্তরে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

