নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে বিদেশি পিস্তল, হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এমদাদুল হক (২৭) ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মো. জিহাদ (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই নম্বর রেলগেটসংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ৫০ পুরিয়া হেরোইন ও নিবন্ধনবিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা পাঁচ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নারায়ণগঞ্জ সদর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। এর আগেও এমদাদুলের বিরুদ্ধে দুটি এবং জিহাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, রাতে বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জে আসা যাত্রীদের লক্ষ্য করে ছিনতাইকারী চক্রগুলো সক্রিয় রয়েছে। শহর ও আশপাশে আরও পাঁচ থেকে ছয়টি চক্র সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। এসব চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

