প্রধান খবর

৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের জন্য পাঁচ নির্দেশনা

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ও শর্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ফলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করেছিল। তবে প্রকাশিত গেজেটে তাঁদের মধ্যে ১০৫ জনের নাম অন্তর্ভুক্ত হয়নি। নির্দেশনা অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। প্রজ্ঞাপনে গ্রেড-৯ অনুযায়ী বেতনস্কেল উল্লেখ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পাশাপাশি দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী সরকার এ শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে।

এ ছাড়া একজন জামানতদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। শিক্ষানবিশকালে অথবা তা শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণসংক্রান্ত বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় ফেরত দিতে হবে। প্রজ্ঞাপনের আরেকটি শর্ত অনুযায়ী, কোনো বিদেশি নাগরিককে বিয়ে করে থাকলে কিংবা বিয়ের অঙ্গীকারবদ্ধ হলে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *