বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র নতুন আসরের নিবন্ধন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১ অক্টোবর)। ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
প্রতিযোগিতার জন্য দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক এবং ৮টি বিভাগে বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণরা ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে সেরা দশে অংশ নেবেন। এরপর নির্বাচিত বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেবেন।
অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ ও লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান, দেশাত্মবোধক, আধুনিক, নজরুল ও রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত—মোট ১৮টি বিষয়ে প্রতিযোগিতা হবে।
‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের কম এবং ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। ক্বিরাতে বয়সসীমা ১২ থেকে ১৭ বছর এবং এটি এক শাখায় অনুষ্ঠিত হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ ৩টি একক বা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশ নিতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিটিভি ও নতুন কুঁড়ির ওয়েবসাইটে।

