আন্তর্জাতিক ফুটবলে একটি মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। নিজ দেশের আকাশি-সাদা জার্সি গায়ে দীর্ঘ পথচলার আনুষ্ঠানিক ইতি টেনে আবেগঘন ‘শেষ চিঠি’ প্রকাশ করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার আগে ভক্ত ও দেশবাসীর উদ্দেশ্যে নিজের গভীর অনুভূতির কথা জানান আন্তর্জাতিক ফুটবলের এই মহাতারকা।
বিখ্যাত ট্রান্সফার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর অফিসিয়াল ফেসবুক পাতায় মেসির এই বিশেষ বিদায়ী বার্তাটি নিশ্চিত ও প্রকাশ করেছেন। একই সময়ে মেসি নিজেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ প্রকাশ করে লেখেন, “বিশেষ মুহূর্তগুলো, আমি জানি, খুব মিস করব।”
জাতীয় দলের জার্সির প্রতি নিজের সীমাহীন অনুভূতি ব্যক্ত করে মেসি লিখেছেন, “অবশেষে সেই মুহূর্তটি এসেই গেল। আমি একদম শান্ত মনে বিদায় নিচ্ছি, কারণ মাঠে আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। বছরের পর বছর এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার পরম গর্ব এবং আমার জীবন।”
দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত-অনুরাগীদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বার্তাটির শেষ অংশে তিনি যোগ করেন, “আমাকে এতটা ভালোবাসার জন্য এবং প্রতি মুহূর্তে সমর্থন দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। তোমাদের এই ভালোবাসা আমি আজীবন নিজের মধ্যে বয়ে নিয়ে চলব।”
ফ্যাব্রিজিও রোমানো জানান, স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের সহায়তায় মেসির এই স্মারক বার্তাটি তাঁর বিদায়ী ম্যাচের ঠিক পূর্বে প্রকাশিত হয়। পরবর্তীতে মেসি স্টেডিয়ামে পৌঁছানোর সময়ের একটি ছবি ও আপডেট শেয়ার করে রোমানো লেখেন, “লিওনেল মেসি স্টেডিয়ামে যাওয়ার পথে বাসে বসে আছেন… শেষবারের মতো।” এর কিছুক্ষণ পরেই একাদশের নিশ্চিত তথ্য দিয়ে তিনি আবার জানান, “অফিশিয়াল: ফুটবল ইতিহাসে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে মাঠে নামছেন মেসি।”
সবশেষে মহাতারকার এই চিরবিদায়ে গভীর আবেগ চেপে রাখতে না পেরে রোমানো মন্তব্য করেন, “সত্যিই এটা ঘটে গেল, তাই তো?”
মেসির এই আবেগপূর্ণ বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নেমে এসেছে বিরহের ছায়া। আর্জেন্টিনার জার্সিতে তাঁর অজস্র সাফল্য, অবিস্মরণীয় মুহূর্ত এবং রূপকথার মতো অর্জনের স্মৃতি চারণ করে বিশ্বজুড়ে কোটি ভক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন তাদের ফুটবল ঈশ্বরকে।

