প্রধান খবর

জার্মানিতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩ ভারতীয়

জার্মানির বোখুম শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে শহরটির হফস্টেড এলাকার একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর দমকলকর্মীরা ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সী দুই তরুণী এবং ২৬ বছর বয়সী এক যুবক রয়েছেন। তাঁরা সবাই ভারতীয় নাগরিক। আহত পাঁচজনের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষ পরিস্থিতি অনুযায়ী, ভবনের সিঁড়িপথ দিয়ে আগুন দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়ে। এতে দমকলকর্মীদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হয় এবং ওপরের তলার বাসিন্দাদের কাছে পৌঁছাতে বেগ পেতে হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহে তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। ইতোমধ্যে ভবনটির বাসিন্দা ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের মতে, যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়নি। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *