পাকিস্তানের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদধসে অন্তত ১৭ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় একটি হাসপাতালের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের নিচে বলে জানা গেছে।
হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, দুর্ঘটনায় আহত আরও ১২ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে বিদ্যালয়টির ছাদ ধসে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফায়জি জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকটি শিশু আটকা পড়েছে। তাদের উদ্ধারে জরুরি সেবাকর্মীরা তৎপরতা চালাচ্ছেন।
এর আগে গত জুলাইয়ে পাকিস্তানের লাহোরে একটি নির্মাণাধীন কোচিং সেন্টারের ছাদধসে চার শিক্ষার্থী প্রাণ হারায়। দেশটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে ভবনধসের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।

