রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫)। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছলিমাবাদ এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ীর একটি সিএনজি গ্যারেজে থাকেন। বিস্ফোরণের পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, দুর্বৃত্তরা জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। এ সময় বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা অটোরিকশাচালক শাহীন আহত হন।
খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। কারা ককটেল নিক্ষেপ করেছে এবং হামলার উদ্দেশ্য কী ছিল, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

