যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি এবং পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা সারাদেশে এ কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ ঘোষণা দেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যচুক্তি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এবং এতে অসম শর্ত আরোপ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে চুক্তি স্বাক্ষর হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দলটির অভিযোগ, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ও সামরিক সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি চুক্তির কিছু শর্ত দেশের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করা হয়।
দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতারা সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতকরণসহ ১০ দফা দাবি তুলে ধরেন। এছাড়া জুলাই হত্যা, পিলখানা ও শাপলা ট্রাজেডির বিচার দ্রুত সম্পন্ন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
ঢাকায় বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

