কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে মো. মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় মহিউদ্দিন মিয়া তার বসতঘরের উঠানে গাঁজা গাছ চাষের বিষয়টি স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে চারটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। তিনি উপজেলার মেটংঘর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোচালক।
ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় Narcotics Control Act অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

