রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে দীর্ঘ পাঁচ দিন বন্ধ থাকার পর ভ্রমণপিপাসুদের জন্য আবারও উন্মুক্ত হলো পাহাড়ের রানী সাজেক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়।
এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণবশত সাজেকে পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছিল জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরুর পরই মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অবরোধের কারণে সাজেক-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ায় বহু পর্যটক ও যানবাহন আটকা পড়ে।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। তবে বুধবার (১৪ অক্টোবর) দাবি পূরণের অভিযোগ তুলে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় স্থানীয় সংগঠন দুটি। তাদের দাবি ছিল, সাজেকের মাচালংসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অবস্থান রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সরিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার দিনভর অবরোধ পালনের পর আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে অবরোধ স্থগিতের ঘোষণা দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে এই সময় পর্যন্ত অবরোধ শিথিল রাখার কথা জানানো হয় যৌথ বিবৃতিতে।
সড়কে অবরোধ শিথিল হওয়ার পাশাপাশি জেলা প্রশাসনও সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পাহাড়ে পর্যটনকেন্দ্রগুলো আবার মুখরিত হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

