জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা জাগানোর মতো তেজস্বী ও বারুদঝরা কণ্ঠের কোনো চরিত্র জামায়াত কিংবা এনসিপিতে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সাম্প্রতিক একটি বক্তব্যের দারুণ প্রশংসা করে তিনি বলেছেন, বর্তমান সরকারের প্রতিমন্ত্রী নুরের রাজনৈতিক বক্তব্যের ‘মিসাইলে’ একাই মগবাজার ও বাংলামটর এলাকা তছনছ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, বিরোধী রাজনৈতিক চরিত্রের বক্তব্যে সবসময় এক ধরনের তেজস্বী ও বিপ্লবী ভাব থাকতে হয়। কিন্তু জামায়াত-শিবির ও এনসিপি জোটে এমন কোনো শক্তিশালী বা বলিষ্ঠ কণ্ঠের নেতা খুঁজে পাওয়া যাবে না।
তিনি আরও লেখেন, জেল-জুলুম ও দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই কেবল এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হতে পারে। গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করার মতো দ্বিমুখী রাজনীতি করে এই বারুদ কণ্ঠ অর্জন করা সম্ভব নয়।
নুরুল হক নুরের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে নিজের অতীতের অভিজ্ঞতা তুলে ধরে রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠে যে আগুন ঝরতো, সরকারের দায়িত্ব নেওয়ার পর তা কিছুটা নমনীয় হয়েছিল। কিন্তু জামায়াত ও এনসিপির সাম্প্রতিক ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই পুরোনো ও তেজোদীপ্ত নুরকে ফিরে পাওয়া গেছে। ভিপি নুরকে অযথা খেপানোর খেসারত ওই জোটকে অত্যন্ত করুণভাবে দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, আমি তার দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে খুব ভালো করেই জানি নুর আসলে কী জিনিস, কারণ ভিপি নুর মানেই একটি জীবন্ত বারুদ।

