যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, সরকারি সকল প্রক্রিয়া শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নিহতের স্বজনেরা মরদেহটি গ্রহণ করেন । এর আগে গতকাল (৩ মে) স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের কফিন দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক ২৭ বছর বয়সী জামিল লিমন এবং তার সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল রহস্যজনকভাবে নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুদিন পর একই এলাকার ম্যানগ্রোভ বন থেকে উদ্ধার করা হয় আরও কিছু খণ্ডিত দেহাংশ, যা ৩০ এপ্রিল নিখোঁজ ছাত্রী বৃষ্টির বলে নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস।
এই দ্বৈত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট ও মার্কিন নাগরিক হিশাম আবুঘারবিহকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সন্দেহভাজন হিশামকে নিবিড় জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই খণ্ডিত মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ ব্যাগে ভরে ব্রিজের নিচে ও ম্যানগ্রোভ বনে ফেলে দেওয়া হয়েছিল।
গত ৩০ এপ্রিল টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় প্রবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেধাবী এই দুই শিক্ষার্থীর এমন অকাল ও বীভৎস মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। নিহত লিমনের মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

