প্রধান খবর

হাসপাতালেই বসল মদের আসর, সিসিটিভিতে ধরা পড়ল ৪ কর্মী

হাসপাতালের সুনির্দিষ্ট নিয়মনীতি ও পেশাদারিত্বকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ হাসপাতাল চত্বরেই বসেছিল মদের আসর। সেই অসংলগ্ন দৃশ্য ধারণ করা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালে এ নজিরবিহীন ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে প্রকাশ্যে মদ্যপানের ওই ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, সার্জারি বিভাগের সিঁড়ির ল্যান্ডিংয়ে মেঝেরা ওপর বসেই হাসপাতালের তিনজন নারী পরিচ্ছন্নতাকর্মী মদ্যপানের তোড়জোর করছেন। কিছুক্ষণ পরই কালো জামা পরা এক যুবক এসে তাদের সঙ্গে যোগ দেন। ধারণা করা হচ্ছে, ওই যুবকও হাসপাতালেরই একজন ট্রলি অপারেটর। চারজনকেই গ্লাসে মদ ঢেলে পান করতে দেখা যায়।

ফুটেজটি প্রকাশ্যে আসার পর পরই নড়েচড়ে বসেছে হাসপাতাল প্রশাসন ও স্থানীয় পুলিশ। যেখানে বিহার রাজ্যে দীর্ঘদিন ধরে মদ কেনাবেচা ও সেবন আইনত সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে একটি সরকারি মেডিকেলের ভেতরে কর্মীদের এমন কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পরই পুলিশ বাদী হয়ে একটি এফআইআর দায়ের করে আইনি কার্যক্রম শুরু করেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, চিকিৎসা সেবার সঙ্গে সরাসরি যুক্ত স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে এমন অসংবেদনশীল আচরণ কখনোই কাম্য নয়। কারণ তাদের এই খামখেয়ালিপনার ওপর রোগীদের জীবনের নিরাপত্তা ও চিকিৎসা সেবার মান সরাসরি নির্ভর করে। কর্মক্ষেত্রে পেশাদারিত্ব ও নিয়মকানুন বজায় রাখা বাধ্যতামূলক করার জোর দাবি তুলেছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *