যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা: নিহত ৫

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিশু ও এক শিক্ষকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন্ড শহরের ‘সিলভার রেল এলিমেন্টারি স্কুলে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বেন্ড পুলিশ প্রধান মাইক ক্র্যান্টজ এক সংবাদ সম্মেলনে জানান, নিহত শিশুদের বয়স যথাক্রমে ৫, ৮ এবং ১১ বছর। এ ছাড়া বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ৭ বছর বয়সী এক শিক্ষার্থী এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ১৬ বছর বয়সী ওই হামলাকারী বিদ্যালয়ের বন্ধ দরজায় এলোপাতাড়ি গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। তবে সে ওই স্কুলের নিয়মিত শিক্ষার্থী ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে প্রথম এক সশস্ত্র ব্যক্তির গুলির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুপুর ১টা ০১ মিনিটে স্কুলটি লকডাউন করা হয় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একজন সাহসী নাগরিক হামলাকারীকে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেখে তাকে ধাওয়া করেন এবং গুলি চালান। এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়। পরবর্তীতে পুলিশ এসে হামলাকারীর মরদেহ শনাক্ত করে এবং দ্রুত উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। ঘটনার পর স্কুলের প্রতিটি কক্ষ নিরাপদে খালি করে শিক্ষার্থীদের বাসে করে পার্শ্ববর্তী একটি চার্চে নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে তদন্ত কাজে সর্বাত্মক সহায়তা দিতে এফবিআইয়ের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। অরেগনের গভর্নর টিনা কোটেক এই নৃশংস ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে প্রতিহত করা সেই সাহসী নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ওপর নজর রাখা গবেষণা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর হিসাব অনুযায়ী, চলতি ২০২৬ সালে দেশটিতে ইতোমধ্যে অন্তত ৩৬৯টি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ‘এভরিটাউন ফর গান সেফটি’ জানিয়েছে, চলতি বছর মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্তত ১০০টি গুলির ঘটনায় ৩৪ জনের প্রাণহানি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *