ঢাবিতে হলের সিট দাবিতে নবীনদের গণস্বাক্ষর

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আবাসিক হলে দ্রুত বৈধ আসন বরাদ্দের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন প্রথমবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (২০ এপ্রিল) সকালে মধুর ক্যানটিনের সামনে এ কর্মসূচি শুরু হয় এবং পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবাসন সংকটে থাকা নবীন শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। শিক্ষার্থীরা জানান, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগ, কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা নেই। সংগৃহীত স্বাক্ষর উপাচার্যের কাছে স্মারকলিপি আকারে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ পার হলেও অনেকেই এখনো হলে সিট পাননি। ফলে নিয়মিত ক্লাসে অংশ নিতে সমস্যা হচ্ছে এবং যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। পাশাপাশি বাইরে থেকে থাকার কারণে খাবার ও নিরাপত্তা নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

তাদের মূল দাবি সব নবীন শিক্ষার্থীর জন্য দ্রুত বৈধ আবাসন নিশ্চিত করা এবং ভবিষ্যতে নতুন সেশন শুরুর আগেই সিট বরাদ্দ সম্পন্ন করা। শিক্ষার্থীদের দাবি, আবাসন সংকটের কারণে প্রায় ১৫ থেকে ২৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিতে পারছেন না।

উদ্যোক্তারা জানান, কর্মসূচির প্রথম দুই ঘণ্টাতেই প্রায় দেড় হাজার শিক্ষার্থী স্বাক্ষর করেছেন, যা সমস্যাটির ব্যাপকতা তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *