জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে।
বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এতে সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তবে ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, আজ সোমবার প্রস্তাব আকারে বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ পাঠানো হবে।
বৈঠক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানো হয়। সেই হিসেবে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির কারণে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব আলোচনা হয়েছে। তবে পরিবহন মালিকদের দাবি, ২০২২ সালের পর ব্যয় কাঠামোর পূর্ণাঙ্গ বিশ্লেষণ হয়নি এবং ডলারের দাম বৃদ্ধির ফলে যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচ বেড়েছে, যা বিবেচনায় নেওয়া প্রয়োজন।
অন্যদিকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মতে, অতীতে জ্বালানির দাম কমার সঙ্গে সামঞ্জস্য রেখে যেভাবে ভাড়া কমানো হয়েছিল, একই অনুপাতে এবার বৃদ্ধি হওয়া উচিত।
সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির চেষ্টা হলে জনমনে অসন্তোষ তৈরি হতে পারে এবং এর প্রভাব সরকারের জনপ্রিয়তায় পড়তে পারে।
এখন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর, যেখানে প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন বা সংশোধনের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে।

