ভারতের রাজধানী দিল্লিতে ঘোষিত নতুন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজীৎ দিপকেকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সিজেপির পূর্বঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে সর্বস্তরের তরুণ প্রজন্মকে মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন তিনি। দলের অন্য দুই প্রভাবশালী নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ডাক দেয় দলটি।
ভারতী সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টায় দিল্লির ঐতিহাসিক কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই জাতীয় পতাকা হাতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার কিছুক্ষণ আগেই দিল্লির আবাসন ঘিরে ফেলে বিশাল পুলিশ ও নিরাপত্তাবাহিনী। সেখান থেকেই পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
উল্লেখ্য, চলতি সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুলিশি আটকের মুখে পড়লেন সিজেপি প্রধান অভিজীৎ দিপকে।
দলের শীর্ষ নেতাদের একের পর এক গ্রেপ্তার ও আহ্বায়ককে আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি পুলিশ ও মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

