মার্কিন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা নিয়ে আসছে তাদের বহুল আলোচিত নতুন ‘রোডস্টার’ গাড়ি। এই স্পোর্টস কারটির বিশেষ সংস্করণে যুক্ত করা হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের অত্যাধুনিক রকেট প্রযুক্তি। এর সাহায্যে গাড়িটি মাটি থেকে লাফিয়ে শূন্যে ভেসে উঠতে এবং বাতাসের মধ্য দিয়ে ঘুরে আবার চাকার ওপর নিরাপদে নেমে আসতে পারবে।
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের নিজস্ব পরিকল্পনায় গাড়িটিতে এই বিশেষ থ্রাস্টার প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। গাড়িটির বিশেষ এই সংস্করণে এমন একটি বায়ুচাপীয় ব্যবস্থা রাখা হয়েছে, যা উচ্চচাপে থাকা গ্যাস অতি দ্রুত বাইরে বের করে একটি শক্তিশালী থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে। এই ধাক্কার ওপর ভর করেই গাড়িটি মাটি ছেড়ে ওপরে উঠতে সক্ষম হয়। মূলত রকেটের উৎক্ষেপণ নীতিতেই এটি কাজ করবে। তবে গাড়িটি সাধারণ উড়োজাহাজের মতো টানা আকাশে উড়ে বেড়াতে পারবে কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
গতি ও পারফরম্যান্সের দিক থেকেও গাড়িটি নতুন ইতিহাস গড়বে বলে দাবি করছে টেসলা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন এই রোডস্টার মাত্র এক সেকেন্ডেরও কম সময়ে শূন্য থেকে ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার (৬০ মাইল) গতি তুলতে সক্ষম হবে। শুধু তাই নয়, গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৭০ কিলোমিটারেরও বেশি হতে পারে বলে জানানো হয়েছে।
বারবার সময়সীমা পরিবর্তনের পর টেসলার নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের দিকে নতুন এই রোডস্টারের উৎপাদন কাজ শুরু হতে পারে। উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম গাড়িটির ঘোষণা দেওয়া হলেও নানা টেকনিক্যাল চ্যালেঞ্জ ও আপগ্রেডের কারণে এর উৎপাদনের সময় বারবার পিছিয়েছে।
গাড়িটির চূড়ান্ত বিক্রয়মূল্য কিংবা বাজারের ক্রেতাদের কাছে কবে নাগাদ পৌঁছাবে, সে সম্পর্কে এখনও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। গাড়ির এই রকেট প্রযুক্তি দৈনন্দিন চলাচলে কতটা নিরাপদ এবং বাস্তবে কতখানি কার্যকর ও টেকসই হবে, তা গাড়িটি চূড়ান্তভাবে বাজারে আসার পরই স্পষ্টভাবে জানা যাবে।

