শেয়ারবাজারকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সম্পূর্ণ পেশাদার ব্যক্তিদের দিয়ে পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই এই পরিবর্তন দৃশ্যমান হবে। তার ভাষায়, বাজারে আস্থা ফিরিয়ে আনতে এবং সুশাসন প্রতিষ্ঠায় কমিশনের কাঠামো নতুনভাবে সাজানো জরুরি হয়ে পড়েছে।
মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ‘বাজেট ২০২৬-২৭ : প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। সেমিনারটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৌলত আক্তার মালা।
শেয়ারবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে বাজার পরিচালনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। তার মতে, পেশাদার নেতৃত্ব ছাড়া বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব নয়, আর তাই কমিশনের পুনর্গঠন এখন সময়ের দাবি।

