পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরানশাহ এলাকায় পরিচালিত ধারাবাহিক গোয়েন্দা অভিযানে ২১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। নিহতদের মধ্যে চারজন শীর্ষ সন্ত্রাসী নেতাও রয়েছেন বলে জানানো হয়েছে।
শনিবার (১৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, মিরানশাহ ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের একাধিক আস্তানাকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তীব্র গোলাগুলির ঘটনায় ২১ সন্ত্রাসী নিহত হয়। নিহত শীর্ষ নেতাদের মধ্যে খালিদ রাজা ওরফে সালার, মুফতুন, মুসা এবং ইমরান ওরফে আয়ানের নাম উল্লেখ করা হয়েছে।
সামরিক বাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর বিভিন্ন হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ওয়ারেন্টভুক্ত সদস্য হিসেবে চিহ্নিত ছিল।
আইএসপিআর আরও জানায়, গত সপ্তাহে একই অঞ্চলে পরিচালিত পৃথক এক অভিযানে ২৭ সন্ত্রাসী নিহত হয়েছিল। ফলে সাম্প্রতিক অভিযানে মোট নিহতের সংখ্যা ৪৮ জনে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এলাকায় সন্ত্রাসবিরোধী তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় কর্মপরিকল্পনার আওতায় অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস দমনে অভিযান আরও জোরদার করা হবে।

