প্রধান খবর

বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু, প্রতিপক্ষ মরক্কো

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়েছে আগেই, তবে বাংলাদেশের অসংখ্য ব্রাজিল সমর্থকের কাছে আসল অপেক্ষা ছিল সেলেসাওদের প্রথম ম্যাচ ঘিরে। সেই প্রতীক্ষার অবসান ঘটছে আজ। বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি গ্রুপ ‘সি’-তে দুই শক্তিশালী দলের লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। কাতার বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন উদ্যমে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কোও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল ২০০২ সালের পর আর শিরোপা জিততে পারেনি। দীর্ঘ ২৪ বছরের সেই অপেক্ষার অবসান ঘটাতে এবার ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন স্বপ্ন দেখছে দলটি। বিশ্বকাপ বাছাইপর্বে কিছুটা কঠিন সময় পার করলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল।

অন্যদিকে মরক্কো বর্তমানে বিশ্বের অন্যতম ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ফিফা র‌্যাঙ্কিংয়েও শীর্ষ সারির অবস্থান ধরে রেখেছে আফ্রিকার প্রতিনিধিরা। সর্বশেষ মুখোমুখি লড়াইয়েও ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের।

বিশ্লেষকদের মতে, গ্রুপ পর্বে শুভ সূচনার লক্ষ্যে দুই দলই সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে। ফলে বিশ্বকাপের শুরুতেই জমজমাট এক লড়াই উপভোগ করার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *