প্রধান খবর

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ বন্দুকধারী হামলায় অন্তত ১৭ জন কৃষক নিহত এবং ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) দেশটির জামফারা রাজ্যে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নতুন কৃষি মৌসুম শুরু হওয়ার পরপরই কৃষকদের ওপর চলমান সহিংসতার সর্বশেষ দৃষ্টান্ত এটি।

নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে ‘জিহাদি গোষ্ঠী’ এবং ‘ব্যান্ডিট’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী মূলত মুক্তিপণের জন্য অপহরণ, গবাদিপশু লুট এবং প্রত্যন্ত অঞ্চলে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে। এমনকি অনেক এলাকায় কৃষকদের নিজেদের জমিতে চাষাবাদের জন্য এই অপরাধী চক্রগুলোকে নিয়মিত কর বা চাঁদা দিতে বাধ্য করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা একদল বন্দুকধারী নিজেদের সাধারণ দর্শনার্থী হিসেবে পরিচয় দিয়ে জামফারা রাজ্যের মারাদুন জেলার গোরন নামায়ে গ্রামের একটি প্রত্যন্ত কৃষি জমিতে প্রবেশ করে। সেখানে কাজ করা কৃষকদের খুব কাছাকাছি গিয়ে তারা লুকিয়ে রাখা অস্ত্র বের করে আচমকা গুলি বর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন।

মারাদুন জেলার রাজনৈতিক প্রশাসক সানুসি দোসারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ সকালে গোরন নামায়ে এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়েছেন।” এই ধারাবাহিক হামলাকে তিনি ২০২৬ সালের কৃষি কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে পরিচালিত একটি ‘নোংরা হামলা’ বলে উল্লেখ করেন।

স্থানীয় নেতা আবুবকর জারা জানান, “আমরা নিহত ১৭ জনকে দাফন করেছি। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কৃষকদের জীবন রক্ষার্থে অবিলম্বে ওই অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য আমরা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

গ্রামের আরেক বাসিন্দা নুরা মুসা জানান, কয়েক সপ্তাহ আগে এই গ্রামে হামলার চেষ্টা চালালে স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রতিরোধ গড়ে তোলে এবং ১৩ জন বন্দুকধারীকে হত্যা করে। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার প্রতিশোধ নিতেই অপরাধী চক্রটি এই চোরাগুপ্তা হামলা চালিয়েছে।

একই জেলার অপর একটি গ্রাম থেকে গত রোববার ৩৯ জন প্রবীণ ব্যক্তিকে অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিরা মূলত নিজেদের কৃষিজমিতে নির্বিঘ্নে চাষাবাদের অনুমতি পাওয়ার লক্ষ্যে একটি গ্যাং প্রধানের ক্যাম্পে শান্তিচুক্তির বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। সেখান থেকেই তাদের বন্দি করা হয়।

নাইজেরিয়ার গুরুত্বপূর্ণ বর্ষা মৌসুম শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই উত্তরাঞ্চলের বহু কৃষক সশস্ত্র গোষ্ঠীর ক্রমাগত হামলার মুখে নিজেদের জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এর ফলে আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটির সামগ্রিক খাদ্য সরবরাহ ব্যবস্থা এখন তীব্র হুমকির মুখে পড়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে সৃষ্ট এই ব্যাপক নিরাপত্তাহীনতা দেশের সরকারি রাজস্ব ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে। একই সাথে তা দেশটির দারিদ্র্য ও চলমান খাদ্য সংকটকে আরও তীব্র করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *