মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি হয়েছে। প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়ে স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন এক যুবক।
সোমবার (৬ এপ্রিল) উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটন-এর বিয়ের অনুষ্ঠানে তার বন্ধু মাসুম আহমদ এই ভিন্নধর্মী উপহার প্রদান করেন। উপহার হিসেবে দেওয়া হয় ২ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করে।
উপহারদাতা জানান, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটে সাধারণ মানুষ নানা ভোগান্তির মুখে পড়ছেন। এ বাস্তবতা বিবেচনায় এনে বন্ধুর জন্য ব্যবহারিক ও প্রয়োজনীয় উপহার হিসেবে অকটেন দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের ব্যতিক্রমী উপহার দেখে বিস্মিত হলেও বিষয়টি হাস্যরসের জন্ম দেয় এবং অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে মন্তব্য করেন। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

