দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স-এর নতুন শাখা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। আগামী ৭ এপ্রিল নারায়ণগঞ্জ-এ যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক এই সিনেমা হল, যা সিনেমাপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে শাখাটি চালুর পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এতে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। নতুন তারিখ ঘোষণার পর সিনেমাপ্রেমীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হবে। প্রতিদিন দুপুর ও বিকেলে দুটি শো প্রদর্শনের মাধ্যমে যাত্রা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই পূর্ণমাত্রায় সব শো চালু করা হবে।
নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকার সীমান্ত টাওয়ারে নির্মিত এই মাল্টিপ্লেক্সে রয়েছে মোট তিনটি হল। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি এবং একটি হলে ৭৫টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক সাউন্ড সিস্টেম, বড় পর্দা ও আরামদায়ক পরিবেশসহ বিশ্বমানের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশে উন্নতমানের প্রেক্ষাগৃহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শকদের চাহিদা ও রুচির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আরও শাখা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
নতুন এই শাখার মাধ্যমে নারায়ণগঞ্জের দর্শকদের জন্য আধুনিক পরিবেশে সিনেমা উপভোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

