প্রধান খবর

মিয়ানমারে সামরিক বাহিনীর পৃথক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

মিয়ানমারের দুই অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর পৃথক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে পৌঁছেছে। একটি বিয়ের অনুষ্ঠানস্থল ও জনাকীর্ণ বাজারে চালানো এই ভয়াবহ হামলার এক দিন পর আজ রোববার (২৯ নভেম্বর) প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় একটি দাতব্য সংস্থার প্রধান জানিয়েছেন, গতকাল শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মো বাই শহরের একটি বিয়ের অনুষ্ঠানস্থলে সামরিক বাহিনীর হামলায় ২১ জন নিহত হয়েছেন। তবে অপর এক প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, ওই হামলায় ১৭ জনের প্রাণহানি ঘটেছে।

অন্যদিকে, দেশটির একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার প্রধান হ্লা মং উ জানান, শনিবার রাখাইন রাজ্যের ম্রাউক-উ এলাকায় পৃথক বিমান হামলায় মোট ২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিকেলে একটি বাজারে চালানো হামলায় ১০ জন এবং একই এলাকায় দ্বিতীয় আরেকটি হামলায় আরও ১৯ জন প্রাণ হারান।

সামরিক বাহিনীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন হ্লা মং উ। এ বিষয়ে বক্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। হ্লা মং উ আরও জানান, রোববার এএফপির একজন সাংবাদিক ম্রাউক-উর একটি কবরস্থানে ২৮ জনের মরদেহ গুনেছেন এবং অপর একজনের মরদেহ তার নিজ শহরে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ম্রাউক-উ এলাকায় কাঠ ও ইটের তৈরি ভবনগুলো মাটির সঙ্গে মিশে গেছে, চারদিকে পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বোমার আঘাতে তৈরি হওয়া বিশাল গর্তের কিনারে দাঁড়িয়ে আছেন। টাইলস বসানো মেঝেতে সারি করে রাখা প্রিয়জনদের রক্তাক্ত মরদেহের পাশে স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন; মরদেহগুলোর অধিকাংশই সাদা চাদর ও সবুজ ত্রিপল দিয়ে ঢাকা ছিল।

২৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা কিয়াওত আয়ে সেইন জানান, সেনাবাহিনীর হামলায় তার স্বামী নিহত হয়েছেন এবং তিনি ছেলেকে নিয়ে দৌড়ে পালিয়ে জীবন বাঁচিয়েছেন। এ ছাড়া পৃথক হামলায় যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে ছয় সদস্যের একটি পরিবারের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আয়ে সেইন বলেন, “বোমাটি সরাসরি ওই বাড়ির ওপর পড়েছিল এবং আঘাত হানার সঙ্গে সঙ্গেই সবকিছুতে আগুন ধরে গিয়েছিল। আমার ছেলে ভয় পেয়ে যাওয়ায় আমি তাকে জড়িয়ে ধরে পালিয়ে যাই। আমরা পুরো রাত ওয়ার্ডের বাইরে অনেকের সঙ্গে একটি খোলা মাঠে কাটিয়েছি।”

এর আগে গত বৃহস্পতিবার মাগওয়ে অঞ্চলে চালানো এক বিমান হামলার পরপরই শনিবার এই হামলাগুলো চালানো হলো। মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের ওই হামলায় একটি স্কুল ও বৌদ্ধবিহারে ২০ জন বেসামরিক নাগরিক এবং জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের ৯ জন সদস্য নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে একটি আন্তর্জাতিক আদালত রায় দেওয়ার মাত্র এক সপ্তাহ পরই দেশটিতে এই ভয়াবহ বিমান হামলা চালানো হলো। পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিয়ানমারের গৃহযুদ্ধে এ পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *