প্রধান খবর

কাশিমপুর কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছেন। সন্তানের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তির আবেদনের ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখাতে লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে মরদেহ কারাগারে নিয়ে যান স্বজনরা। সেখানে কারাগারের ভেতর থেকে ছেলেকে শেষ বিদায় জানান শারমিন।

আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে তুর্যের মরদেহ নিয়ে যায় পরিবার। পরে কারাগারের ভেতরে প্রবেশ করে মহিলা কেন্দ্রীয় কারাগারে মা শারমিন সুলতানাকে সন্তানের মরদেহ দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে লাশবাহী ভ্যানটি কারাগার থেকে বের হয়ে যায়।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর লালবাগ থানা পুলিশ গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

স্বামী নিপুন আরও জানান, তাদের এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। জন্মের পর থেকেই সে মায়ের হাতে খাওয়াদাওয়াসহ সব কাজ করত। শারমিন কারাগারে যাওয়ার পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে এবং সঠিকভাবে খাওয়াদাওয়া ও ওষুধ খেতে না পারায় অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে মায়ের অপেক্ষায় থেকেই সে মৃত্যুবরণ করে।

আটকের আগ পর্যন্ত শারমিনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না দাবি করে নিপুন অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তাকে আটক করে সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে এবং বাধ্য হয়েই তারা সন্তানের মরদেহ কারাগারে নিয়ে এসেছিলেন।

কারাগার থেকে বের হয়ে শারমিনের ছোট বোন শাম্মী অভিযোগ করেন, তার বোন ২০২২ সাল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং তাকে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও তিনি জামিন পাননি এবং মায়ের অনুপস্থিতিতেই তার প্রতিবন্ধী ভাগ্নের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে বোনকে সন্তানের মরদেহ দেখতে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শাম্মী।

এ বিষয়ে গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। স্বজনদের উপস্থিতিতে কারাবিধি ও নিয়ম অনুযায়ী শারমিনকে সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *