প্রধান খবর

বিস্ফোরণ মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিব উল্লাহ পিয়াসের আদালত আসামির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ আসামি ডরিনকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায় যে, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায় এবং সেখান থেকে লাল টেপ জড়ানো কৌটার পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও কাঁচের টুকরা আলামত হিসেবে জব্দ করে। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৬ নভেম্বর ভোররাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *