প্রধান খবর

ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মি. পারফেক্ট’-এর মাসিক আড্ডা: মানসিক সুস্থতা ও সামাজিক বন্ধন জোরদারে কমিউনিটির অংশগ্রহণ

অস্ট্রেলিয়ার সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে প্রতি মাসের শেষ রোববারের ধারাবাহিকতায় আজ ২৯ নভেম্বর লেজার সেন্টার ও টেনিস কোর্টসংলগ্ন এলাকায় পুরুষদের জন্য জনপ্রিয় সামাজিক উদ্যোগ ‘মি. পারফেক্ট ম্যাককুয়ারি ফিল্ডস’ (Mr Perfect Macquarie Fields)-এর মাসিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে পরিচিতি, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়।

বিনামূল্যে বারবিকিউসহ নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজনে আজকের সকালটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। মাসিক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের হুইপ নাথান হ্যাগটি এমপি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির চারা বিতরণ। এসব চারা সরবরাহে প্রধান ভূমিকা রাখে নিবন্ধিত হর্টিকালচারাল প্রতিষ্ঠান ‘হোমস্টেড গার্ডেনার্স নেটওয়ার্ক’ (Homestead Gardeners Network)।

আয়োজক কমিটির পক্ষে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ বলেন, “মানসিক সুস্থতা শুধু চিকিৎসার বিষয় নয়; বরং সামাজিক যোগাযোগ, খেলাধুলা, হাঁটাচলা, স্বেচ্ছাসেবা, দান-সদকা এবং বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমেও মানুষের জীবনকে অর্থবহ ও আনন্দময় করে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “‘মি. পারফেক্ট’ এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বয়স ও পেশার পুরুষরা একত্রিত হয়ে বন্ধুত্ব গড়ে তোলেন, খোলামেলা আড্ডায় অংশ নেন, জীবনের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং একে অপরকে মানসিকভাবে সমর্থন দেন।”

এবারের আয়োজনে পুরোনো সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখও যোগ দেন। সবাই প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সকালটি উপভোগ করেন। আয়োজকরা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মি. পারফেক্ট’ পরিবারের সদস্য সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, যা এই উদ্যোগের ইতিবাচক প্রভাবেরই প্রতিফলন।

আগামী মাসের শেষ রোববার আবারও একই স্থানে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। “কোনো পুরুষেরই একা জীবনযাপন করা উচিত নয়”—এই বার্তাকে সামনে রেখে কমিউনিটিতে বন্ধুত্ব, সংযোগ ও মানসিক সুস্থতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পরবর্তী মিলনমেলায় অংশ নিতে আগ্রহীরা ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের সঙ্গে (মোবাইল: ০৪৩৩ ৫০৯ ৮৫২) যোগাযোগ করতে পারবেন।

আয়োজকদের প্রত্যাশা, মানসিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও বাগানচর্চাকে একসূত্রে যুক্ত করে এ ধরনের উদ্যোগ সিডনির বহুসাংস্কৃতিক কমিউনিটিতে আরও শক্তিশালী সামাজিক বন্ধন গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *