প্রধান খবর

আধুনিক অ্যাম্বুলেন্স কিনছে বিসিবি, ডি থ্রিতে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান

চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে না গড়ানোর প্রেক্ষাপটে ‘ডমেস্টিক থ্রি’ (ডি থ্রি) নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বরিশাল ও ঢাকার দুটি স্টেডিয়ামে। ইতোমধ্যেই আসরটি আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি।

গতকাল শনিবার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ‘ডি থ্রি’ টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং একই সভায় টুর্নামেন্টের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ড সভা সূত্রে জানা গেছে, বরিশালে ছোট পরিসরে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ডে-নাইট ম্যাচও রাখা হতে পারে।

সভায় টুর্নামেন্ট পরিচালনা, প্রচার-প্রচারণা, লজিস্টিকস, নিরাপত্তা এবং প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিবির বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া বিসিবির মেডিকেল বিভাগের মানোন্নয়নেও বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে বোর্ড সভা শেষে। এর আওতায় উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি বিসিবির নিজস্ব ব্যবহারের জন্য আধুনিক অ্যাম্বুলেন্স কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বোর্ডের বিভিন্ন খেলা ও আয়োজনে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *