রাতারাতি পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা কোনো সরকারের পক্ষেই সম্ভব কি না, সে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত জাতীয় বাজেট আছে কি না এবং ঢালাওভাবে জাতীয়করণ করলে শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়াবে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থার মান নিশ্চিত ও নিয়ন্ত্রণ করা জরুরি; এটিকে সাধারণ মুদি দোকানের পণ্যের মতো বানানো যাবে না।
সাংবাদিকদের উদ্দেশে ড. এহছানুল হক মিলন বলেন, এই বাস্তবতা তাঁর চেয়ে সাংবাদিকরাই ভালো জানেন। তবে কিছু অনলাইন গণমাধ্যম বিষয়টি নিয়ে অযথা উসকানি দিচ্ছে এবং সমস্যাকে সামনে নিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি; পাশাপাশি হঠাৎ করে নেতা হওয়ার আশায় কেউ কেউ এতে ইন্ধন জোগাচ্ছেন বলেও মন্তব্য করেন।
শিক্ষকদের বদলি প্রসঙ্গে নিজের অবস্থানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, তিনি শিক্ষকদের বদলি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, দেশের এক প্রান্তের শিক্ষক আরেক প্রান্তে গিয়ে কর্মরত থাকলে, নিজ এলাকা থেকে দূরে আবাসন সুবিধার অভাবে মানসিক চাপে ও কষ্টে থাকলে শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান সম্ভব হয় না।
তিনি আরও বলেন, সরকার চাকরি দিয়েছে বলেই শিক্ষকরা মানসিক অশান্তিতে থেকেও ক্লাসে ভালো পড়াবেন—এমন ভাবলে দিনশেষে ক্ষতিগ্রস্ত হতে হয়। সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে শিক্ষাব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে চান উল্লেখ করে মন্ত্রী বলেন, কে অনশন করলেন বা নির্দিষ্ট তারিখের আলটিমেটাম দিলেন, তা বিবেচনায় না নিয়ে দেশের স্বার্থকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে তাঁর ক্ষমতা ও সীমাবদ্ধতা সংশ্লিষ্ট সবাই জানেন। সবকিছু একসঙ্গে ও ঢালাওভাবে করে ফেললে মান নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে সতর্ক করেন তিনি। অতীতের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার সময় দেশে অতিরিক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা স্থাপনের প্রবণতা দেখা গিয়েছিল; এমনকি রাজশাহী বিভাগের একটি কলেজে মাত্র একজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী থাকলেও ১৪ লাখ টাকার এমপিও সুবিধা দেওয়া হতো। সেই বাস্তবতা থেকেই শিক্ষকদের সনদ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয় এবং ২০০৫ সালে সে যাত্রা শুরু হয়েছিল বলে জানান তিনি।

