জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত মোট অর্থের মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ব্যয় হবে ৯২ কোটি ৫৯ লাখ টাকা।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান-এর সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সামাজিক অবকাঠামো উন্নয়ন, চরাঞ্চল উন্নয়ন ও পুনর্বাসন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার স্থাপন, স্বাস্থ্যসেবার আধুনিকীকরণ এবং গোপালগঞ্জে ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা সংক্রান্ত উদ্যোগ। এসব প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

