প্রধান খবর

সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনকের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নির্বাহী পরিষদ ঘোষণা

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে মাতৃভাষা সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি জোরদারে নিরলসভাবে কাজ করে যাওয়া অন্যতম জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘Subcontinent Friends of Campbelltown Inc. (SFC)’-এর বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী গঠিত এই নতুন কার্যনির্বাহী পরিষদে একজন সম্মানিত প্রধান উপদেষ্টা, ১৮ জন পদাধিকারী এবং ৭ জন নির্বাহী সদস্যসহ মোট ২৬ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত হয়েছেন। নবঘোষিত এই কমিটিতে অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘ মেয়াদে নেতৃত্ব দেওয়া পারভেজ খানকে সম্মানিত প্রধান উপদেষ্টা (Honorary Chief Adviser) হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া নতুন মেয়াদে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন কায়সার আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজুল হক চৌধুরী খসরু।

নতুন পরিষদের সহ-সভাপতির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল ফারুক, হরিশ গোয়াল, তুঙ্গনাথ খারেল, খালেদা কাইজার এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার। সংগঠনের চাকা সচল রাখতে সাধারণ সম্পাদক পদের গুরুদায়িত্ব পেয়েছেন মাসুদ পারভেজ। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করবেন মাকসুদুর চৌধুরী সুমন, কিশওয়ার আখতার কাকলী এবং মিলি ইসলাম। অত্যন্ত সংবেদনশীল কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফেরদৌস ওমি।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ড. শাফিন রাশেদ, সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জুই সেন তুলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে নজরুল ইসলাম সাচ্চু, প্রকাশনা সম্পাদক হিসেবে আব্দুস সোবহান এবং প্রেস ও জনসংযোগ সম্পাদক হিসেবে হোসনে আরা তালুকদার আইরিন দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. সিরাজুল হক, সাজ্জাদ সিদ্দিকী, আলমগীর ইসলাম, ফারুক এম. তালুকদার, মোস্তাফিজুর রহমান তালুকদার মনজু, গণেশ ভৌমিক এবং মনিরুল ইসলাম মুন্না।

বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে “Preserve and Conserve Mother Languages”—এই মহান মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় প্রবাসীদের মাতৃভাষা সংরক্ষণ, নিজস্ব সাংস্কৃতিক বিকাশ এবং বহুজাতিক জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে। নতুন এই শক্তিশালী নির্বাহী পরিষদের বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেশি গতিশীল হবে এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে নতুন নতুন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ। অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত পরিষদের সদস্যদের বিপুল করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয় এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. রফিকুল ইসলামের দ্রুত রোগমুক্তি ও আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। সবশেষে ফারুক এম. তালুকদার ও জুঁই সেন তুলীর মনমুগ্ধকর গান পরিবেশনা এবং নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *