বাংলা গানের সুর, নাচের ছন্দ, দেশীয় খাবারের ঘ্রাণ আর প্রবাসী বাঙালিদের প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল সিডনির ঐতিহ্যবাহী ফেয়ারফিল্ড শোগ্রাউন্ড। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে গত ১১ অক্টোবর (রোববার) দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই উৎসব প্রবাসে বাংলা সংস্কৃতি, বিনোদন এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতির এক অনন্য চিত্র তুলে ধরে।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। সাকিনা আক্তারের সঞ্চলনায় মঞ্চ মাতান জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, সাগর বাউল, প্রিয়াঙ্কা ও সিথী। পাশাপাশি স্থানীয় ব্যান্ড ‘স্বপ্ন’, ‘ভবের হাট’ এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অর্পিতা সেন চৌধুরীর দলের নৃত্য এবং কৌতুক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। সংগীত উপভোগের পাশাপাশি মেলায় ছিল দেশীয় খাবারের স্টল, কেনাকাটা, ফ্যাশন ও লাইফস্টাইল প্রদর্শনী এবং শিশুদের জন্য নানা ধরনের রাইড ও খেলাধুলার ব্যবস্থা।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এবং ফেয়ারফিল্ডের এমপি ডেভিড সালিবার বিশেষ উপস্থিতি। সিসিএ সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহসহ অন্য নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান। প্রিমিয়ার ও অতিথিরা মেলায় স্পন্সরদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় প্রিমিয়ার ও এমপি তাঁদের বক্তব্যে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অবদানের ভূয়সী প্রশংসা করেন।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি পৌঁছে দিতে এবং বিভিন্ন প্রজন্মের মধ্যে পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় করতে এই ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখছে। সিসিএ-এর সম্মিলিত এই উদ্যোগ সিডনির প্রবাসী বাঙালি সমাজে শেকড়ের টান ও সামাজিক সম্প্রীতির এক অবিস্মরণীয় স্মৃতি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

