প্রধান খবর

পবিত্র কুরআন হিফজ করায় সিডনিতে নবীন হাফিজকে ঘিরে বিশেষ দোয়া অনুষ্ঠান

অস্ট্রেলিয়ার সিডনির মিন্টোতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (এএমডব্লিউসি) নিয়মিত মাসিক ইসলামিক প্রোগ্রামে পবিত্র আল-কুরআন হিফজ সম্পন্ন করা উপলক্ষে এক বিশেষ আনন্দঘন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ৪ অক্টোবর রবিবার সন্ধ্যায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন হাফিজ মাওলানা মোঃ ফখরুল ইসলামের সুযোগ্য পুত্র নবীন হাফিজ মোঃ ফাওজুল ইসলাম (ছাদিকীন)।

মিন্টোর ঈগলভিউ রোডে অবস্থিত এএমডব্লিউসি ইসলামিক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট আলেম-ওলামা, ধর্মীয় মাশায়েখ, হুফফাজ, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার গুরুত্ব নিয়ে ‘আল-কুরআনের সঙ্গে আজীবন পথচলা’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন মিন্টো মসজিদের সাবেক ইমাম শায়খ রিদওয়ান রাফি। তিনি নিয়মিত মুরাজাআহ বা অনুশীলনের মাধ্যমে হিফজ ধরে রাখার তাগিদ দেন। অন্যদিকে, সেন্টারের প্রধান খতিব হাফিজ মাওলানা আব্দুল হাদী তানভীর কুরআন মুখস্থ করার অনন্য ফজিলত ও হাফিজদের দায়িত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

উল্লেখ্য, নবীন হাফিজের পিতা হাফিজ মাওলানা মোঃ ফখরুল ইসলাম সিডনির ইসলাম কুরআন রিসার্চ একাডেমির (ইকরা) প্রতিষ্ঠাতা ও পরিচালক। সন্তানের এই মহান অর্জনে পরিবার মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এবং শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রবাসের মাটিতে একজন কিশোরের পূর্ণাঙ্গ কুরআন হিফজ সম্পন্ন করার এই সাফল্য পুরো মুসলিম কমিউনিটির জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে আলেমদের পরিচালনায় এক আবেগঘন যৌথ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় নবীন হাফিজের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তম চরিত্র গঠন এবং উম্মাহর শান্তি ও ঐক্য কামনা করা হয়। ড. আনিসুল আফসারের সঞ্চালনায় এবং এএমডব্লিউসির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পরিশেষে উপস্থিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে এই দ্বীনি মাহফিলের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *