ক্রিকেট মাঠে প্রজন্মের পর প্রজন্মকে ব্যাটিং নৈপুণ্যে মুগ্ধ করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। এবার মাঠের বাইরে এক সাধারণ মুহূর্তেই আবারও ভক্তদের হৃদয় জিতে নিলেন তিনি। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্ত্রীর ফোন বেজে উঠলে মাঝপথেই থেমে যান গাভাস্কার। সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রশংসার বন্যা।
শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ারের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। রোটারি ক্লাব অব বোম্বে এয়ারপোর্টের উদ্যোগে ‘গিফট অব লাইফ’ প্রকল্পের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত প্রায় ৮৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর সফল অস্ত্রোপচার উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়।
বক্তব্যের একপর্যায়ে হঠাৎ বেজে ওঠে গাভাস্কারের মোবাইল ফোন। প্রথমে কথা চালিয়ে গেলেও কিছুক্ষণ পর তিনি হাসিমুখে ফোন বের করে বলেন, “এটা নিশ্চয়ই আমার স্ত্রীর ফোন।” এরপর তিনি বক্তব্য থামিয়ে কল রিসিভ করেন। ফোন ধরার আগে দর্শকদের উদ্দেশে রসিকতা করে বলেন, “একটু রিসিভ করতেই হবে। আমাকে মনে করিয়ে দিতে ফোন করেছে, যেন বেশি কথা না বলি।” তার এই মন্তব্যে পুরো হল হাসিতে ফেটে পড়ে। উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে প্রতিক্রিয়া জানান, আর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
অনুষ্ঠানে শিশুদের হৃদরোগ চিকিৎসা নিয়ে পরিচালিত উদ্যোগের প্রশংসা করেন গাভাস্কার। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেক পরিবার আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পায় না। এমন শিশুদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

