বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসায় কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতাবাস।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজও এ ভিসায় করা যাবে না। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজও এই ভিসায় অনুমোদিত নয়।
এর আগে ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। পড়াশোনার বাইরে কাজ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে বলে জানানো হয়েছিল।

