সাফল্য কিংবা কোনো প্রাপ্তির হিসেব কষে গান তৈরি করা যায় না; গান গাইতে হয় কেবল নিজের ভালোবাসা ও তীব্র অনুভূতির জায়গা থেকে-এমনটাই মনে করেন দেশের কিংবদন্তি রক তারকা ও নগরবাউল খ্যাত ‘গুরু’ জেমস। জীবনের শেষ দিন পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে কেবল দর্শকদের সুরের মাতাল হাওয়ায় ভাসিয়ে যেতে চান বাংলা ব্যান্ডের এই মহানায়ক।
দীর্ঘ দুই মাস ধরে ইউরোপের বিভিন্ন দেশে সফল সংগীত সফর শেষে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি মাতিয়ে আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনের প্রবাসীদের সামনে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন তিনি। এ কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের পথচলা ও সংগীতভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন আশির দশকে ‘ফিলিংস’ ব্যান্ড থেকে উঠে আসা এই সংগীতশিল্পী।
সংবাদ সম্মেলনে নতুন প্রজন্মের তরুণ সংগীতশিল্পীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে জেমস বলেন, কেবল নাম-যশ বা অর্থ উপার্জনের ধান্দা নিয়ে সংগীতে আসা অনুচিত। সংগীত সাধনা হতে হবে প্রশান্তি ও হৃদয়ের গভীর টান থেকে। কোনো কিছু পাওয়ার আশায় সংগীত চর্চা করলে তা এখনই বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি স্পষ্ট জানান, সংগীত জীবনে কোনো সাফল্য না পেলেও তিনি আজীবন গানই গেয়ে যেতেন। তাঁর কাছে শ্রোতা সংখ্যা বড় বিষয় নয়-এমনকি শেষ দিনে যদি একজন দর্শকও উপস্থিত থাকেন, তবে তাঁর জন্যই গাইবেন তিনি।
আশির দশকে ‘স্টেশন রোড’ অ্যালবাম দিয়ে যাত্রার পর সময় ও প্রজন্মের ব্যবধান কীভাবে পার হয়ে গেছে, তা টেরই পাননি বলে মন্তব্য করেন এই রকার। সুইডেনের কনসার্টটির মাধ্যমে জেমসের দীর্ঘ ইউরোপ সফরের সফল সমাপ্তি ঘটবে। এরপরই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। জানা গেছে, আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে ভারতীয় ব্যান্ড ‘ফসিলস’-এর রূপম ইসলামের সঙ্গে একই মঞ্চে সুরের আলোড়ন তুলবেন জেমস।

