আইসিসির সিদ্ধান্তে বড় আর্থিক ক্ষতির মুখে শ্রীলঙ্কা

নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক স্বত্ব হারিয়ে অন্তত ২ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে শ্রীলঙ্কা। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২৪৪ কোটি টাকা।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের কথা ছিল শ্রীলঙ্কায়। তবে ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগের কারণে টুর্নামেন্টটি সরিয়ে ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আগামী বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ভারতে ছয় দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মুম্বাই ও ভাদোদরায় ম্যাচগুলো আয়োজন করা হবে। আয়োজক স্বত্ব হারানোর পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক প্রচারের মাধ্যমে সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা থেকেও বঞ্চিত হবে শ্রীলঙ্কা।

এর আগে ২০২৩ সালে সরকারি হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটকে সাময়িক নিষিদ্ধ করেছিল আইসিসি এবং ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়। এবার নতুন নির্বাচন ও ক্রিকেট প্রশাসনে সংস্কারের মাধ্যমে সংকট কাটানোর দিকে নজর দিচ্ছে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *