সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আলোচিত ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিতর্কিত কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। নিয়মিত প্রশাসনিক ররদবদলের অংশ হিসেবে সংস্থাটির আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই বদলি ও পুনর্নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।
অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকার বিভাগীয় কার্যালয়ের একই পদে অর্থাৎ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে। অন্যদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে মো. মাসুদ আলমের স্থলাভিষিক্ত করে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, কয়েক বছর আগে বিআরটিএর একটি আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শনের সময় সেবা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে মো. মাসুদ আলমকে উদ্দেশ্য করে তৎকালীন সেতুমন্ত্রী বলেছিলেন, ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ সেই বাক্যটি তৎকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে এবং ভাইরাল তকমায় পরিনত হয়। দীর্ঘদিন পর নতুন করে প্রশাসনিক রদবদলে মাসুদ আলমের নাম উঠে আসায় ঘটনাটি নিয়ে নেট দুনিয়ায় আবার নতুন করে চর্চা শুরু হয়েছে।

