ক্যাম্পাসের অভ্যন্তরে মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে বিশেষ অভিযানে নামে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডি। তবে মাদকের বিরুদ্ধে নেওয়া সেই অভিযানের সময় প্রধান ব্যক্তিত্ব অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিজের হাতেই শোভা পাচ্ছিল এক জ্বলন্ত সিগারেট! এমনই এক ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।
জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা সেলের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা একযোগে ক্যাম্পাসজুড়ে অভিযান শুরু করেন। অভিযানটি বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বর, লেক এলাকা, ছাত্রীহল প্রাঙ্গণ ও কেন্দ্রীয় খেলার মাঠসহ বেশ কিছু স্পর্শকাতর পয়েন্টে পরিচালনা করা হয়।
পরবর্তীতে ক্যাম্পাসের একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম পেজে অভিযানের ফুটেজটি প্রকাশিত হলে বিতর্ক তুঙ্গে ওঠে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, প্রক্টর ড. শাহীনুজ্জামান এক হাতে জ্বলন্ত সিগারেট ফুঁকতে ফুঁকতেই শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছেন এবং মাদকবিরোধী বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। দায়িত্বশীল পদে থেকে জনসম্মুখে এবং বিশেষত মাদকবিরোধী অভিযানে প্রক্টরের এমন অপেশাদার আচরণ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যাঙ্গাত্মক মন্তব্য করে বলছেন, যিনি নিজেই নিকোটিন সেবন করে অভিযানে নামেন, তাঁর থেকে মাদকমুক্ত ক্যাম্পাসের বার্তা পাওয়া হাস্যকর।
সার্বিক অভিযান ও অর্জনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান জানান, এটি তাঁদের নিয়মিত টহলের অংশ ছিল। অভিযানে সরাসরি কোনো মাদকদ্রব্য উদ্ধার না হলেও নির্জন স্থানে অবস্থান করা কয়েকটি যুগলকে প্রক্টর স্যার সতর্ক করে দেন। অন্যদিকে হাতে সিগারেট রাখা ও উদ্ভূত সমালোচনার বিষয়ে বক্তব্য জানতে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

