প্রধান খবর

তামিলনাড়ুতে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়। ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের নিকটবর্তী দোকানগুলো দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া অথবা বন্ধ করতে বলা হয়েছে।

মঙ্গলবার জারি করা সরকারি আদেশে বলা হয়, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত দোকানগুলো এ সিদ্ধান্তের আওতায় আসবে। রাজ্য সরকারের তথ্যমতে, বর্তমানে তামিলনাড়ুতে মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে।

বন্ধের তালিকাভুক্ত দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের নিকটে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত। দায়িত্ব নেওয়ার পরপরই বিজয়ের এ উদ্যোগকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে তাঁর সরকার।

তবে তাসম্যাক রাজ্যের অন্যতম প্রধান রাজস্ব আয়ের উৎস হওয়ায় এই সিদ্ধান্তে সরকারি আয়ে সম্ভাব্য প্রভাব নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে নতুন সরকার ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদকবিরোধী ইউনিট স্থাপনের মতো জনকল্যাণমূলক উদ্যোগও অনুমোদন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *