বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটছে: বাংলাদেশের জন্য নতুন মিডিয়া আউটলেটের সঙ্গে ফিফার চুক্তি

আর মাত্র এক মাস পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। কিন্তু এত বড় আয়োজনের ঠিক আগমুহূর্তেও সম্প্রচার স্বত্ব নিয়ে দর-কষাকষি চলছিল বিশ্বের কয়েকটি জনবহুল দেশে বিশেষ করে ভারত ও চীনে। একইভাবে বাংলাদেশি ফুটবলপ্রেমীরাও ছিলেন অনিশ্চয়তায়। তবে দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের জন্য ‘স্প্রিংবক’ নামে একটি মিডিয়া আউটলেটের সঙ্গে চুক্তি করেছে ফিফা।

তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি স্প্রিংবক। প্রতিষ্ঠানটির কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতিও পাওয়া যায়নি। তবুও এই চুক্তির ফলে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৮০টির জন্য বিশ্বকাপ সম্প্রচার বা ‘ওয়াচ পার্টি’ আয়োজন নিশ্চিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্যও একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি হবে। এতে কুরাসাও ও হাইতির মতো বিশ্বকাপ প্রতিযোগী দেশের সমর্থকরাও নিজেদের দলের খেলা দেখতে পারবেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনের কোটি কোটি সমর্থক হয়তো বিশ্বকাপ দেখতে পারবেন না, কারণ সম্প্রচার স্বত্ব নিয়ে তখনও আলোচনা চলছিল। খবরটি দ্রুতই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। ফিফা অবশ্য জানিয়েছিল, তারা ১৭৫টির বেশি অঞ্চলে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে, তবে কয়েকটি বড় বাজার তখনও বাকি ছিল।

সেই সময় পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গেও চুক্তি চূড়ান্ত হয়নি। অর্থাৎ ভারত ও চীনসহ বিশ্বের প্রথম, দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, ২৩তম ও ২৯তম সর্বাধিক জনবহুল দেশ এবং এশিয়ার আরও কয়েকটি অঞ্চল ও ক্যারিবীয় অঞ্চলের প্রায় ২০টি দ্বীপে ফিফা তখনও সম্প্রচার নিশ্চিত করতে পারেনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *