ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, পর্যায়ক্রমে সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ কার্যক্রমে কেউ অনিয়মের চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নিয়োগপ্রাপ্ত জরিপকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। এ জন্য কাউকে তদবির বা ছোটাছুটি না করার পরামর্শ দেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড কার্যক্রমও শুরু হয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা এবং মন্দিরের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। টাঙ্গাইলের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সতর্ক থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরে দুর্গাপূজা উদযাপনের জন্য বরাদ্দ করা চালের ডিও বিতরণ করেন তিনি।

