অস্ট্রেলিয়ার মেলবোর্নে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় এমপি ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
গত রবিবার (২৯ মার্চ) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার গৌরবোজ্জ্বল ইতিহাস ও একুশের চেতনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্যে মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি ড. মোল্লা মোঃ রাশিদুল হক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মাতৃভাষা শেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং মেলবোর্নের মেরি-বেক কাউন্সিলে একটি আন্তর্জাতিক মাতৃভাষা মনুমেন্ট তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড। বিশেষ অতিথি ছিলেন মেরি-বেক সিটি কাউন্সিলের কাউন্সিলর স্যু বোল্টন। তারা বাঙালির মাতৃভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস জেনে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। স্থানীয় পাঠাগারে বাংলা বই সরবরাহ এবং ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির সব ধরনের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আলম মাহবুব এবং ড. মাহবুবুর মোল্লা। তারা বলেন, ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে একুশে ফেব্রুয়ারি আজ বৈশ্বিক সম্পদে পরিণত হয়েছে।
দিবসটি উপলক্ষে শিশুদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ছোটদের মধ্যে সুহাইলা, মধ্যম বয়সীদের মধ্যে জাফিরা এবং বড়দের মধ্যে নাফিসা প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জোবাইদা আলী, মিতা পারভীন ও ড. নাহার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির মধ্য দিয়ে একুশের চেতনাকে স্মরণ করা হয়। শিক্ষার্থীরা ছড়া, কবিতা, আবৃত্তি ও গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে।

