পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং নীরবতার সংস্কৃতি ভাঙার আহ্বান নিয়ে অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ‘ড্রাইভিং আউট ভায়োলেন্স কনভয়’। শুক্রবার (২৭ নভেম্বর) ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বহুসংস্কৃতির মানুষের প্রতিনিধিত্ব নিয়ে অংশগ্রহণ করে পারিবারিক সহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠন কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (সিডিএনআই)। সংগঠনের পক্ষে কনভয়ে নেতৃত্ব দেন সিডিএনআই-এর উপদেষ্টা কামাল পাশা।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বার্ষিক এই আয়োজনে নেতৃত্ব দেন মেয়র ডার্সি লাউন্ড। এ সময় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক ব্রায়ান ললসহ ক্যাম্পবেলটাউন পুলিশের প্রতিনিধি এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইঙ্গেলবার্ন থেকে শুরু হওয়া বেগুনি রঙের এই সচেতনতামূলক কনভয় মিন্টো, ম্যাকার্থার স্কয়ার ও ক্যাম্পবেলটাউন হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচিতে ছড়িয়ে দেওয়া হয় একটি শক্তিশালী বার্তা—‘ক্যাম্পবেলটাউন সেজ নো টু ডমেস্টিক ভায়োলেন্স’, অর্থাৎ পারিবারিক সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পবেলটাউন ঐক্যবদ্ধ।
কনভয়ে সিডিএনআই-এর অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে। সংগঠনটি মূলধারার অস্ট্রেলীয় কমিউনিটির পাশাপাশি সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও সেবা নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে পারিবারিক সহিংসতার শিকার নারী-পুরুষ, পরিবার এবং শরণার্থীদের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম।
পারিবারিক সহিংসতা প্রতিরোধে চলতি বছর ক্যাম্পবেলটাউনে দুটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে সিডিএনআই। এর একটি ছিল বাংলাদেশি ধর্মীয় নেতাদের নিয়ে সচেতনতামূলক উদ্যোগ এবং অন্যটি ‘মেইল ভয়েসেস টু এন্ড ডিভি’ শীর্ষক অনুষ্ঠান, যা নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ অ্যান্ড জাস্টিসের সঙ্গে যৌথভাবে আয়োজিত হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ, পুলিশ প্রতিনিধি ও কমিউনিটি সদস্যরা অংশ নেন।
সিডিএনআই-এর পক্ষে এসব কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন কামাল পাশা। দুই দশকেরও বেশি সময় ধরে কমিউনিটি উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় ক্যাম্পবেলটাউন-ম্যাকার্থার অঞ্চলে তিনি পরিচিত মুখ। সম্প্রতি তিনি ক্যাম্পবেলটাউন-ম্যাকার্থার ডমেস্টিক ভায়োলেন্স স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হয়ে সিডিএনআই-এর প্রতিনিধিত্ব করছেন।
কনভয় শেষে কামাল পাশা বলেন, কমিউনিটিতে পারিবারিক সহিংসতার ঘটনা নিয়ে অনেকেই ভাষাগত সমস্যা কিংবা লোকলজ্জার ভয়ে নীরব থাকেন এবং সাহায্য চাইতে পারেন না। অথচ বর্তমানে সহায়তা পাওয়ার অনেক সুযোগ রয়েছে। এই তথ্য ও সচেতনতার বার্তা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
‘ড্রাইভিং আউট ভায়োলেন্স’ কনভয়ের মধ্য দিয়ে ক্যাম্পবেলটাউনে শুরু হয়েছে আন্তর্জাতিক ‘১৬ ডেজ অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেইজড ভায়োলেন্স’ কর্মসূচি, যা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিভিন্ন কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণ ও সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পারিবারিক সহিংসতামুক্ত সমাজ গড়ার উদ্যোগ আরও জোরদার হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

