দেশজুড়ে চলমান জ্বালানি সংকট নিরসন ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরীসহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকার স্কুল ও কলেজগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং ঢাকা মহানগরীর শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ না করে এই সমন্বিত (Hybrid) পদ্ধতি অনুসরণ করা হবে।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিনই শিক্ষা কার্যক্রম চালু থাকবে। তবে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে জোড় ও বিজোড় রোল নম্বর বা দিন ভাগ করে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হতে পারে। তবে শিক্ষকদের প্রতিদিন স্কুলে উপস্থিত থাকতে হবে এবং সেখান থেকেই অনলাইন ক্লাসগুলো পরিচালনা করতে হবে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের ব্যবহারিক (Practical) ক্লাসগুলো বাধ্যতামূলকভাবে সশরীরে বা অফলাইন দিনগুলোতে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রী বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না করে কীভাবে জ্বালানি সাশ্রয় করা যায়, তা নিয়ে দীর্ঘ বিশ্লেষণ চলছে। মন্ত্রণালয়ের এই প্রস্তাবনাটি আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরপরই এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে রাস্তায় পরিবহন চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, যা বর্তমান সংকটকালীন সময়ে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এই পদ্ধতিতে কোনো কারিগরি সমস্যা দেখা দিলে দ্রুত সংশোধনের পথও খোলা রাখা হয়েছে।

