প্রধান খবর

লন্ডনে প্রকাশিত হলো জহিরপুর সৈয়দ বাড়ির ইতিহাসবিষয়ক গ্রন্থ

সিলেটের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরীর লেখা ‘সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর উত্তরসূরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে লন্ডনে।

রোববার বিকেলে পূর্ব লন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন জামে মসজিদের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচকরা বলেন, বইটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, সিলেটের প্রাচীন ইতিহাসেরও গুরুত্বপূর্ণ দলিল। তাঁদের মতে, তথ্যনির্ভর আঞ্চলিক ইতিহাস জাতীয় ইতিহাস রচনার ভিত্তি।

গ্রন্থে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) ও তাঁর বংশধরদের ইতিহাসের পাশাপাশি সে সময়ের সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। আলোচনায় হযরত শাহজালাল (রহ.)-এর সিলেট বিজয়ের পর সৈয়দ নাসির উদ্দিনের তরফ রাজ্য বিজয়ে ভূমিকা এবং জগন্নাথপুরে আট আউলিয়ার বসতি স্থাপনের ইতিহাসও উঠে আসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোর্তজা আলী। যৌথভাবে সঞ্চালনা করেন টিভি উপস্থাপক হেনা বেগম ও ড. আনসার আহমদ উল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত সাহিত্য পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরী।

আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক ফারুক আহমদ, মোহাম্মদ হরমুজ আলী, সাংবাদিক উর্মি মাজহার, আহাদ চৌধুরী বাবু, সাকির হোসেন, ইমদাদুন খান ও গয়াছুর রহমান গয়াছসহ অনেকে। জহিরপুর সৈয়দ পরিবারের পক্ষ থেকেও বক্তব্য দেন পরিবারের কয়েকজন সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *