প্রধান খবর

শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩

পরিবারের জন্য ঈদের নতুন পোশাক আর দুমুঠো উপহার নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। একটি বীভৎস শব্দ আর লেলিহান শিখায় চুরমার হয়ে গেল সব স্বপ্ন। বাড়ির আঙিনায় ফেরার বদলে শিউলী, তায়েবা আর রিন্টুদের নিথর দেহ এখন স্বজনদের প্রতীক্ষায়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন।

নিহতরা হলেন- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫), ড্রাইভার রিন্টু (৪৭)। আহতরা হলেন, শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান ড্রাইভার।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যায়। এতে মোট তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *